ফ্রান্স-যুক্তরাজ্যের পর এবার কানাডার দিকেও ফিলিস্তিন স্বীকৃতির সম্ভাবনা
ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে কানাডা ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে। এই তথ্য জানিয়েছে বিবিসি।
তবে কানাডার স্বীকৃতি নির্ভর করছে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তের ওপর। প্রধানমন্ত্রী কার্নির ভাষ্য অনুযায়ী, ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজস্ব শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার আনতে হবে, ২০২৬ সালে হামাসকে বাদ দিয়ে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে এবং অঞ্চলটিকে নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
গতকাল (বুধবার) এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, “গাজায় মানুষের দুর্দশা এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এই বাস্তবতায় সেপ্টেম্বরের জাতিসংঘ সম্মেলনে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতির দিকে এগোচ্ছি।”
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও সেপ্টেম্বরের সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন। বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।