নেতানিয়াহুর বাড়িতে ইরানের গোপন ক্যামেরা স্থাপনের দাবি, বললেন ইরানি এমপি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে গোপনে ক্যামেরা স্থাপনের দাবি করেছেন ইরানের এক সংসদ সদস্য মোজতবা জারেই। তিনি বলেন, এ দাবি অনুমানের ভিত্তিতে নয়, বরং নির্ভরযোগ্য ও নিশ্চিত তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, মোজতবা জারেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, “আমরা এর আগে কখনো নেতানিয়াহুর এত কাছাকাছি পৌঁছাতে পারিনি। এবার আমরা এমন একটি জায়গায় ক্যামেরা বসাতে পেরেছি, যেখান থেকে তার বাড়ির উপর সরাসরি নজরদারি করা সম্ভব।”
তিনি এটিকে ইরানের গোয়েন্দা সংস্থার জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে বর্ণনা করে বলেন, “জায়নবাদীদের ঘাঁটিতে আর কোনো গোপন স্থান অবশিষ্ট নেই।”
তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।
বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনাকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান প্রচারমূলক এবং মানসিক লড়াইয়ের অংশ হিসেবেই দেখা উচিত।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবর মাসে লেবানন থেকে নেতানিয়াহুর বাসভবনের দিকে একটি ড্রোন ছোড়া হয়েছিল, যা ইরান-সমর্থিত হিজবুল্লাহর মাধ্যমে পরিচালিত হতে পারে বলে ধারণা করা হয়। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।