বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় একদিনেই ইসরাইলি হামলায় নিহত ৯৪, মোট মৃত্যু ৬০ হাজার ছাড়াল

গাজায় একদিনেই ইসরাইলি হামলায় নিহত ৯৪, মোট মৃত্যু ৬০ হাজার ছাড়াল

favicon
অনলাইন সংস্করণ
গাজায় একদিনেই ইসরাইলি হামলায় নিহত ৯৪, মোট মৃত্যু ৬০ হাজার ছাড়াল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯৪ জন নিহত এবং ৪৩৯ জন আহত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলু।


মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৯৩৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৭ জনের বেশি।


বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম ও জনবল না থাকায় তাদের উদ্ধার করা যাচ্ছে না।


এছাড়া ত্রাণ নিতে আসা সাধারণ মানুষের ওপরও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। শুধু সোমবারই গাজার বিভিন্ন স্থানে ত্রাণের জন্য জড়ো হওয়া ২৯ জন ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন আরও ৩০০ জন।


এর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের ভেতরে হামলা চালায়। এতে ১২০০ ইসরাইলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে।


প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয় ১৯ জানুয়ারি, আন্তর্জাতিক চাপে। তবে ১৮ মার্চ থেকে পুনরায় হামলা শুরু করে ইসরাইল। নতুন দফার অভিযানে এখন পর্যন্ত ৯ হাজার ৪৪০ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৩৮ হাজার মানুষ আহত হয়েছেন।


এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলমান।