ইরানের অর্থনীতি আলোচনা নির্ভর নয়: উপ-পররাষ্ট্রমন্ত্রী ঘারিবাবাদি
ইরানের অর্থনীতি কোনও আন্তর্জাতিক আলোচনার ওপর নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি বলেন, নিষেধাজ্ঞার মধ্যেও ইরান তেল বিক্রিসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এতে তারা সফল।
সোমবার (৪ আগস্ট) এক বক্তব্যে ঘারিবাবাদি বলেন, “আমাদের দেশের ভাগ্য বা অর্থনৈতিক কার্যক্রমকে কেবলমাত্র আলোচনার সাফল্যের ওপর নির্ভরশীল করে তোলা উচিত নয়। যদি আলোচনা হয় এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, সেটা অবশ্যই ভালো। তবে আলোচনা না হলেও আমাদের স্বনির্ভর হতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা এমন এক বিশ্বে বাস করছি যেখানে অর্থনীতি ও বাণিজ্য একে অপরের সঙ্গে যুক্ত। তবে ইরানের জন্য অনেক বিকল্প রয়েছে—বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে।”
ঘারিবাবাদি জোর দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র চাইছিল আমাদের তেল বিক্রি শূন্যে নামিয়ে আনতে, কিন্তু তারা সফল হয়নি। কারণ আমরা বিকল্প উপায়ে তেল বিক্রি চালিয়ে যাচ্ছি।”
তিনি জানান, আলোচনা যদি ফলপ্রসূ হয়, তবে সেটা স্বাগত। তবে আলোচনা ফল না দিলেও তেহরান অর্থনৈতিক ভিত শক্তিশালী করার দিকে মনোযোগী থাকবে।