গাজার সীমান্তে ২২ হাজার ত্রাণ ট্রাক আটকে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ
মিশর ও জর্ডান সীমান্তে দাঁড়িয়ে আছে ২২ হাজারেরও বেশি মানবিক সহায়তা-আধারিত ট্রাক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এসব ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল—এমন অভিযোগ তুলেছে গাজার সরকারি মিডিয়া অফিস।
আল জাজিরার বরাতে জানা যায়, গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, “ইচ্ছাকৃতভাবে মানবিক ত্রাণ সরবরাহ ঠেকিয়ে দিচ্ছে ইসরায়েল। এটি একধরনের পরিকল্পিত অভিযান—যার লক্ষ্য হলো ‘ক্ষুধা, অবরোধ এবং বিশৃঙ্খলা’ সৃষ্টি করা।”
বিবৃতিতে আরও বলা হয়, গাজার সীমান্ত ক্রসিংয়ে আটকে থাকা অধিকাংশ ট্রাক জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা বহন করছে। অথচ এসব গাড়িকে প্রবেশে বাধা দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইনের লঙ্ঘন করছে।
গাজার মিডিয়া অফিস এই পদক্ষেপকে “পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ” বলে আখ্যা দিয়ে বলেছে, “এটি একটি গণহত্যার অংশ, যেখানে দখলদার ইসরায়েল ও নীরব বা সহায়ক রাষ্ট্রগুলোরও দায় রয়েছে।”
অফিসটি অবিলম্বে ট্রাকগুলো প্রবেশের অনুমতি, সীমান্ত ক্রসিংগুলো পুনরায় পুরোপুরি চালু করা এবং গাজার বেসামরিক জনগণের কাছে নিরাপদে ও যথাসময়ে ত্রাণ পৌঁছানোর আহ্বান জানিয়েছে, যেন পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই সহায়তা নিশ্চিত করা যায়।