গাজা দখলের সিদ্ধান্ত নেতানিয়াহুর, বাধা দেবেন না ট্রাম্প
গাজা দখল সম্পূর্ণভাবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানান, গাজা দখলের বিষয়ে ইসরাইলকে বাধা দেবেন না তিনি।
মঙ্গলবার (৫ আগস্ট) এক সাংবাদিক সম্মেলনে গাজা দখলের বিষয়ে ট্রাম্প বলেন, “আমি গাজার মানুষকে খাবার পৌঁছানোর দিকেই নজর দিতে চাই। অন্যান্য বিষয় নিয়ে এখন কিছু বলতে চাই না। এটা পুরোপুরি ইসরাইলের সিদ্ধান্ত।”
এদিকে, বুধবার (৬ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজার পুরো ভূখণ্ড দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হাতে আটক থাকা ইসরাইলি বন্দিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইসরাইলকে সামরিক সহায়তা আরও বাড়িয়েছে। সেই সঙ্গে গাজার অধিকাংশ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ৮৬ শতাংশ ভূখণ্ডকে সামরিকীকরণ অঞ্চল ঘোষণা করা হয়েছে।
একইদিন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মিরোস্লাভ জেনকা সতর্ক করে বলেন, “পুরো গাজা দখল করার সিদ্ধান্তের পরিণতি ভয়াবহ হবে।” তিনি আরও জানান, “আন্তর্জাতিক আইন অনুযায়ী, গাজা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত।”
এছাড়া ৪ আগস্ট উত্তর গাজায় ত্রাণ পৌঁছাতে গিয়ে নিহতদের জন্য শোক প্রকাশ করেছে ফিলিস্তিনিরা।