৩৫ বছরের শত্রুতা ভুলে শান্তি চুক্তি করল আর্মেনিয়া-আজারবাইজান
দীর্ঘ ৩৫ বছরের বৈরিতা পেছনে ফেলে ঐতিহাসিক শান্তি চুক্তিতে সই করল আর্মেনিয়া ও আজারবাইজান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শুক্রবার (৮ আগস্ট) ওয়াশিংটনের হোয়াইট হাউসে দুই দেশের নেতারা একযোগে এই চুক্তি স্বাক্ষর করেন।
ট্রাম্প একে ‘ঐতিহাসিক সাফল্য’ আখ্যা দিয়ে বলেন, “৩৫ বছর লড়াইয়ের পর তারা এখন বন্ধু এবং দীর্ঘদিন বন্ধু হয়েই থাকবে।”
চুক্তির অংশ হিসেবে আজারবাইজানকে নাখচিভান অঞ্চলে সরাসরি প্রবেশাধিকার দেওয়া হবে এবং আর্মেনিয়ার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে চালু হবে ‘ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রস্পেরিটি’ নামে বিশেষ ট্রানজিট করিডোর। পাশাপাশি যুক্তরাষ্ট্র-আজারবাইজান প্রতিরক্ষা সহযোগিতায় দীর্ঘদিনের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।
চুক্তির পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ট্রাম্পের ভূমিকাকে সম্মান জানিয়ে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন।
দক্ষিণ ককেশাসের এই দুই দেশ নাগোর্নো-কারাবাখ ইস্যুতে ১৯৮০’র দশকের শেষ থেকে দীর্ঘ সংঘাত ও একাধিক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে গেছে। ২০২৩ সালে আজারবাইজান পুরো অঞ্চলটির নিয়ন্ত্রণ নিলেও উত্তেজনা অব্যাহত ছিল। এই চুক্তির মাধ্যমে দীর্ঘ বৈরিতা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো।