পুতিনের সঙ্গে মোদি-শি ফোনালাপ, ইউক্রেন যুদ্ধ বন্ধে সমর্থন চান রুশ প্রেসিডেন্ট
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বৈঠকের আগে চীন, ভারত এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত তিন দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টি বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে।
গত বুধবার (৬ আগস্ট) মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকে ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা নিয়ে গঠনমূলক আলোচনা হয় বলে উভয় পক্ষ জানিয়েছে।
পরদিন বৃহস্পতিবার ক্রেমলিন ঘোষণা করে, আগামী সপ্তাহে পুতিন ও ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি বৈঠকে বসবেন। ট্রাম্পও নিশ্চিত করেছেন যে, আগামী ১৫ আগস্ট আলাস্কায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউক্রেন যুদ্ধের অবসানে পুতিনকে চাপ দিয়ে যাচ্ছেন ট্রাম্প। সম্প্রতি তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়সীমা—গত শুক্রবারের মধ্যে—রাশিয়া শান্তিতে রাজি না হলে মস্কো এবং রুশ পণ্য কিনে এমন দেশগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন ও ভারতও রয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে পুতিনকে বলেছেন, রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে বেইজিং সমর্থন করে, যা ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে সহায়ক হবে। সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে পুতিন চীন সফরে যাবেন।
এদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেন পুতিন। ক্রেমলিন জানায়, উইটকফের সঙ্গে হওয়া আলোচনার বিষয় মোদিকে অবহিত করেছেন পুতিন। তবে এই সপ্তাহেই ট্রাম্প ঘোষণা দিয়েছেন, রাশিয়ান তেলের ওপর ভারতের জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা কার্যকর হবে ২৮ আগস্ট থেকে। ফোনালাপ শেষে মোদি এক্সে লেখেন, "আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অত্যন্ত ভালো ও বিস্তারিত আলোচনা হয়েছে। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি শেয়ার করার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।"
এর আগে বৃহস্পতিবার পুতিন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গেও কথা বলেন। রামাফোসা রাশিয়া-ইউক্রেনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দক্ষিণ আফ্রিকার শান্তি উদ্যোগের প্রতি সমর্থন জানান।