ত্রাণের লাইনে গুলি, গাজায় ফের শতাধিক ফিলিস্তিনি হতাহত
গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইসঙ্গে ত্রাণ সংগ্রহে আসা মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয়েছে আরও ৪০ জনকে।
শনিবার নেতজারিম করিডোরে ইসরায়েলের নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে খাদ্যের আশায় জড়ো হয় কয়েকশ’ ক্ষুধার্ত মানুষ। প্রতিদিনের মতোই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছিল। এসময় নিরাপত্তার অজুহাতে ইসরায়েলি সেনারা হঠাৎ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে, প্রাণ হারান বহু মানুষ।
এছাড়া গাজার আরও কয়েকটি জনবহুল এলাকায় বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
এদিকে, অপুষ্টি ও খাদ্যাভাবে আরও ১১ ফিলিস্তিনি মারা গেছেন। এখন পর্যন্ত দুর্ভিক্ষ ও অপুষ্টিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে, যাদের মধ্যে ৯৮ জনই শিশু।
চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬১ হাজারেরও বেশি মানুষ। আহতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে।