চীনের গানসুতে আকস্মিক বন্যায় ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৮
চীনের গানসু প্রদেশের লানঝো শহরের ইয়ুঝং কাউন্টি এবং আশপাশের এলাকায় আকস্মিক বন্যায় প্রাণ গেছে অন্তত ১৫ জনের, এখনো নিখোঁজ রয়েছেন ২৮ জন। স্থানীয় সময় শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই তথ্য জানিয়েছে চীনের বন্যা নিয়ন্ত্রণ ও খরা প্রতিরোধ সদর দফতর, দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে শুক্রবার (৮ আগস্ট) পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের ফলে এই দুর্যোগ দেখা দেয়। বন্যায় ভেঙে পড়েছে সড়ক, বিদ্যুৎলাইনসহ বিভিন্ন অবকাঠামো।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ওয়ানজিয়াজুয়াং গ্রামের জিংলং পর্বত ও চেংগুয়ান টাউনশিপের জিয়াকোর মধ্যে এস১০৪ হাইওয়ের কিছু অংশ এবং পুরো জিংহুয়াং সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কের মোট দৈর্ঘ্য প্রায় ৪০ কিলোমিটার।
এসব সড়ক ইয়ুঝং কাউন্টি ও আশপাশের অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য ও যাত্রী পরিবহন রুট হওয়ায় চলাচলে চরম বিঘ্ন ঘটেছে। ফলে ত্রাণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
বন্যা পরবর্তী উদ্ধার ও পুনর্গঠনে কাজ করছে প্রাদেশিক পরিবহন বিভাগ। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪০টির বেশি ভারী যন্ত্রপাতি ও ২০০ জনের বেশি জরুরি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে এস১০৪ হাইওয়ের তিনটি ও জিংহুয়াং সড়কের চারটি ক্ষতিগ্রস্ত অংশ আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে।