আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক: ইউক্রেন যুদ্ধ নিয়ে আশাবাদ, তবে কোনো চুক্তি নয়
আলাস্কার অ্যাঙ্করেজ সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক শেষ হলো কোনো চুক্তি বা বড় ধরনের সিদ্ধান্ত ছাড়াই। তবে আলোচনাকে দুই পক্ষই ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন।
যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তারা কোনো চুক্তি বা ঐকমত্যে পৌঁছাতে পারেননি। তবে তিনি মনে করেন, ভবিষ্যতের জন্য বেশ ভালো সম্ভাবনা তৈরি হয়েছে।
পুতিনও একই সুরে মন্তব্য করেন। তিনি জানান, আলোচনায় যেসব বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছেন, সেগুলো থেকেই ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্র–রাশিয়ার সম্পর্ক পুনরুদ্ধারের সুযোগ তৈরি হতে পারে। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও কোন কোন বিষয়ে সমঝোতা হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।
এটি ছিল ট্রাম্প ও পুতিনের সপ্তম সরাসরি বৈঠক। এদিন ট্রাম্পের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে, পুতিনের সঙ্গে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং সহকারী ও মুখপাত্র ইউরি উশাকভ।