ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে ৫.৮ মাত্রার ভূমিকম্পে আহত অন্তত ২৯
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে সমুদ্রতলের নিচে আঘাত হেনেছে ৫.৮ মাত্রার ভূমিকম্প। রবিবার (১৭ আগস্ট ২০২৫) সকালের এই ভূমিকম্পে অন্তত ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। খবর— দ্য হিন্দু ও ডেকান হেরাল্ড।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুলাওয়েসি প্রদেশের পোসো জেলার উত্তর দিকে প্রায় ১৫ কিলোমিটার (৯.৩ মাইল) দূরে।
ভূমিকম্পের পর পরই অন্তত ১৫টি আফটারশক অনুভূত হয়। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানায়, আহতদের অধিকাংশকে আঞ্চলিক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই ভূমিকম্পের সময় গির্জায় প্রার্থনায় অংশ নিচ্ছিলেন।
বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কয়েকটি ভিডিওতে গির্জার কাঠামোগত ক্ষতির ছবি দেখা গেছে। স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থা মাঠ পর্যায়ে দ্রুত ক্ষয়ক্ষতির প্রাথমিক মূল্যায়ন করছে।
প্রায় ২৭ কোটি মানুষের বিশাল দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া প্রাকৃতিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সুনামি প্রায়ই আঘাত হানে।
এর আগে ২০২২ সালে পশ্চিম জাভার সিয়ানজুর শহরে ৫.৬ মাত্রার ভূমিকম্পে ৬০২ জন প্রাণ হারান। এটি ছিল ২০১৮ সালের সুলাওয়েসি ভূমিকম্প ও সুনামির পর সবচেয়ে ভয়াবহ। ২০১৮ সালের সেই ঘটনায় ৪,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হন।
আরো আগে, ২০০৪ সালে ভারত মহাসাগরে সৃষ্ট এক শক্তিশালী ভূমিকম্প ভয়াবহ সুনামির জন্ম দেয়। এতে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশসহ এক ডজন দেশে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।