হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের বৈঠকের মাঝেই পুতিনকে ফোন ট্রাম্পের
হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাস্থলে উপস্থিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক কূটনীতিকের বরাতে খবরটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, ইউক্রেন যুদ্ধের অবসানকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠক সাময়িক বিরতিতে থাকাকালে ট্রাম্প পুতিনকে ফোন করেন। ফোনালাপ শেষে বৈঠকটি পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। যদিও আগে ট্রাম্প বলেছিলেন, তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা শেষ করার পরই পুতিনের সঙ্গে কথা বলবেন। এই ফোনালাপের খবরটি প্রথম প্রকাশ করে জার্মানির পত্রিকা বিল্ড।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফর উপলক্ষে বৈঠকে অংশ নেন জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা। তাদের সঙ্গে ছিলেন ন্যাটোর মহাসচিবও।
বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে।