হেরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৭১ আফগান শরণার্থী
ইরান থেকে বিতাড়িত আফগান শরণার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে। এতে অন্তত ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমদুল্লাহ মুত্তাকি ও স্থানীয় পুলিশের বরাত দিয়ে।
প্রাদেশিক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি জানান, ইরান থেকে ফেরত আসা আফগানদের বহনকারী বাসটি একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তার দাবি, ‘অতিরিক্ত গতি ও অবহেলার’ কারণেই দুর্ঘটনা ঘটে।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদও নিশ্চিত করেছেন যে নিহতরা ইরান থেকে বহিষ্কৃত শরণার্থী ছিলেন। তবে এখনো নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, হেরাত শহরের বাইরে গুজারা জেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই বাসের যাত্রী হলেও সংঘর্ষে ট্রাকে থাকা দুইজন এবং মোটরসাইকেলের দুইজনও প্রাণ হারান।
আফগানিস্তানে দুর্ঘটনা নতুন নয়। খারাপ সড়ক ও যানবাহনের অযত্নের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। কেবল গত বছরের ডিসেম্বরে দুটি বাস দুর্ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছিলেন।
এর আগের দিনই, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দিয়েছিলেন যে আসন্ন মার্চের মধ্যে আরও আট লাখ আফগানিকে দেশ ছাড়তে হবে। প্রতি বছর দারিদ্র্য, সংঘাত ও বেকারত্বের কারণে বিপুল সংখ্যক আফগান ৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশ করেন এবং স্বল্প মজুরিতে নির্মাণশিল্পসহ বিভিন্ন খাতে কাজ করেন। তবে এবার ইরান সরকার শরণার্থীদের ফেরত পাঠানোর কড়া নীতি নিয়েছে।
সূত্র: আল জাজিরা