রাশিয়ার হয়ে যুদ্ধে লড়াই করা সেনাদের ‘বীর’ বললেন কিম জং উন
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে অংশগ্রহণ করা উত্তর কোরীয় সেনাদের ‘বীর’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশন কেসিএনএ এ খবর প্রচার করে।
সংবাদমাধ্যমের তথ্যে জানা যায়, সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিদেশে দায়িত্ব পালনকারী সৈন্যদের ধন্যবাদ জানান কিম। রাশিয়ার কুরস্ক অঞ্চলে বিভিন্ন কমব্যাট ইউনিটে উত্তর কোরীয় সেনাদের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি।
এর আগে ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরীয় সেনাদের প্রতি কিম শ্রদ্ধা জানান এবং রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয় নিহত সেনাদের।
এদিকে, ইউক্রেন যুদ্ধে সহায়তা করতে রাশিয়ায় ইতোমধ্যে ১০ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা পাঠানো হয়েছে। শিগগিরই আরও একটি সেনা বহর পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।