ওমানে নতুন গোল্ডেন ভিসা কর্মসূচি চালু ৩১ আগস্ট থেকে
বিনিয়োগকারীদের জন্য আগামী ৩১ আগস্ট থেকে নতুন গোল্ডেন ভিসা কর্মসূচি চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগ দেশটিকে বৈশ্বিক বিনিয়োগকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা এবং বাণিজ্যের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার অংশ।
ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এ কর্মসূচির পাশাপাশি চালু হবে ‘আল মাজিদা কম্পানিজ’ নামের একটি নতুন উদ্যোগ, যা উচ্চক্ষমতাসম্পন্ন ওমানি কোম্পানিগুলোকে সহায়তা করবে। একই সঙ্গে ‘ওমান বিজনেস’ প্ল্যাটফরমের মাধ্যমে ইলেকট্রনিক বাণিজ্য নিবন্ধন হস্তান্তর সেবা চালু হবে।
ধোফারের গভর্নর সাইয়্যিদ মারওয়ান বিন তুর্কি আল সাইদ–এর পৃষ্ঠপোষকতায় সালালাহতে এক অনুষ্ঠানে এসব সেবার ঘোষণা দেওয়া হবে। একই অনুষ্ঠানে সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়, জার্মান ইউনিভার্সিটি অব টেকনোলজি, ওমান এনার্জি অ্যাসোসিয়েশন এবং ইবিনার সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে, যা ওমানের নির্মাণ খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।
মন্ত্রণালয়ের পরিকল্পনা মহাপরিচালক মুবারক বিন মোহাম্মদ আল দৌহানি বলেন, গোল্ডেন ভিসা কর্মসূচি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি স্থিতি ও প্রবৃদ্ধির সুযোগ দেবে। একই সঙ্গে এটি ওমানি উদ্যোক্তাদের দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণে উৎসাহিত করবে।
তিনি আরও জানান, ইলেকট্রনিক বাণিজ্য নিবন্ধন হস্তান্তর ব্যবসা পরিচালনার সময় ও খরচ কমাবে এবং স্বচ্ছতা বৃদ্ধি করবে।
ওমান সরকারের মতে, এসব উদ্যোগ দেশের টেকসই ব্যবসা পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন। এতে নিয়ন্ত্রক সংস্কারের পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা রয়েছে। একই সঙ্গে নির্মাণ খাত আধুনিকায়নে একাডেমিক অংশীদারিত্ব ও বেসরকারি খাতের সহযোগিতার মাধ্যমে জাতীয় প্রতিভা ও উদ্ভাবনকে উৎসাহিত করার পরিকল্পনাও রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলোর অনুরূপ এই গোল্ডেন ভিসা স্কিম উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ দেবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে।