শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › রাজনীতিতে ঝড় তুললেন থালাপতি বিজয়, বিজেপিকে বললেন ‘আদর্শিক শত্রু’

রাজনীতিতে ঝড় তুললেন থালাপতি বিজয়, বিজেপিকে বললেন ‘আদর্শিক শত্রু’

favicon
অনলাইন সংস্করণ
রাজনীতিতে ঝড় তুললেন থালাপতি বিজয়, বিজেপিকে বললেন ‘আদর্শিক শত্রু’

ভারতের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। গত ২২ আগস্ট তামিলনাড়ুর মাদুরাইয়ে তার জনসভায় প্রায় ৪ লাখ মানুষের সমাগম ঘটে। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ বলে অভিহিত করেন তিনি।


রাজনীতিতে পদার্পনের পর থেকেই একের পর এক কর্মসূচি ও অবস্থান নিয়ে আলোচনায় থাকছেন বিজয়। সমাবেশে তিনি বলেন, “জঙ্গলে শেয়াল, চিতার মতো অনেক প্রাণী থাকে, কিন্তু সিংহ থাকে একটাই। সিংহ একা হলেও সিংহই থাকে। তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) কাউকে ভয় পায় না। পুরো তামিলনাড়ু আমাদের পাশে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াই।”


উল্লেখ্য, ২০২১ সালে থালাপতির ফ্যানক্লাব থেকে গড়ে ওঠা ‘বিজয় মাক্কাল ইয়াক্কালাম’ স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে ১৬৯ আসনের মধ্যে ১১৫টিতে জয় পায়। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনার ঝড় শুরু হয়। অবশেষে ২০২৪ সালে তিনি নিজস্ব রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) গঠন করেন।


এর আগে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা (এনইইটি), জ্বালানির মূল্যবৃদ্ধি ইত্যাদি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিজয়। এমনকি পেট্রোল-ডিজেলের দামের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতে ভোটকেন্দ্রে সাইকেলে চড়েও যান তিনি। চলতি বছর রমজানে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ইফতার করেও শিরোনাম হন তিনি।


সিনেমার জগতে লিও, মার্শাল, সরকার, থেরির মতো ব্লকবাস্টার উপহার দেওয়া এই নায়ক রাজনীতির মঞ্চেও নায়কোচিত ভঙ্গিতেই আত্মপ্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকেকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন থালাপতি বিজয়।