শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় ২০ জন নিহত, ট্রাম্পের অসন্তোষ

গাজায় নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় ২০ জন নিহত, ট্রাম্পের অসন্তোষ

favicon
অনলাইন সংস্করণ
গাজায় নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় ২০ জন নিহত, ট্রাম্পের অসন্তোষ

গাজায় নাসের হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় পাঁচ সাংবাদিকসহ ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি এতে খুশি নই। আমি এটা দেখতে চাই না। একইসঙ্গে আমাদের সেই পুরো দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।”


যদিও ঘটনাটি সম্পর্কে ট্রাম্প বিস্তারিত জানতেন না বলে মনে হয়। তবুও সাংবাদিকদের চাপের মুখে তিনি মন্তব্য করতে বাধ্য হন।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের হামলায় রোগী, স্বাস্থ্যকর্মী, বেসামরিক প্রতিরক্ষা সদস্য এবং সাংবাদিকসহ অন্তত ২০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। ইসরাইলি সেনারা নাসের হাসপাতাল কমপ্লেক্সের একটি ভবনের চতুর্থ তলায় দুটি বিমান হামলা চালায়। প্রথম হামলার পর যখন উদ্ধারকর্মীরা আহত ও মৃতদের সরিয়ে নিতে আসে, তখনই দ্বিতীয় দফা হামলা চালানো হয়।


নিহতদের মধ্যে রয়েছেন সরকারি ফিলিস্তিন টিভির ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি এবং আলজাজিরার আলোকচিত্রী মোহাম্মদ সালামা। এছাড়া আনাদোলু এজেন্সি জানিয়েছে, ফটোসাংবাদিক মরিয়ম আবু দাগ্গা ও মোয়াজ আবু তাহা নিহত হয়েছেন। আরও নিহত হয়েছেন তিউনিসিয়া ও মরক্কোর সংবাদমাধ্যমের ফ্রিল্যান্স সাংবাদিক আহমেদ আবু আজিজ।


২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। প্রায় দুই বছরের এই অভিযানে এখন পর্যন্ত ৬২ হাজার ৭০০-রও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় দুর্ভিক্ষও ভয়াবহ আকার ধারণ করেছে।


এর আগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি গণহত্যার অভিযোগে ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতেও মামলার মুখোমুখি রয়েছে।