ইহুদিবিরোধী হামলার অভিযোগে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইরানের বিরুদ্ধে ইহুদিবিরোধী হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ এনেছেন। এর প্রেক্ষিতে ক্যানবেরা থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৬ আগস্ট) ক্যানবেরায় সংবাদ সম্মেলনে আলবানিজ জানান, এসব হামলার উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতি নষ্ট করা এবং বিভেদ ছড়ানো। তিনি বলেন, “এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অস্ট্রেলীয় সরকার কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।”
এদিকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তেহরানে অবস্থিত দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সব কূটনীতিককে তৃতীয় দেশে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে নতুন আইন আনা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
সরকারি তথ্যানুযায়ী, গত বছর সিডনি ও মেলবোর্নে দুটি ইহুদি উপাসনালয় ও রেস্টুরেন্টে হামলা হয়েছিল। এ ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ উঠেছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং জানান, ইরানের রাষ্ট্রদূত আহমাদ সাদেঘি ও তার তিন সহকর্মীকে “পারসোনা নন গ্রাটা” ঘোষণা করা হয়েছে এবং সাত দিনের মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করল। একই সঙ্গে তেহরান থেকেও নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ক্যানবেরা।