শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › টানা বৃষ্টিতে জম্মু–কাশ্মীরে বন্যা-ভূমিধস, বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টিতে জম্মু–কাশ্মীরে বন্যা-ভূমিধস, বিপর্যস্ত জনজীবন

favicon
অনলাইন সংস্করণ
টানা বৃষ্টিতে জম্মু–কাশ্মীরে বন্যা-ভূমিধস, বিপর্যস্ত জনজীবন

টানা বর্ষণে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে জম্মু–কাশ্মীর। অবিরাম বৃষ্টি থেকে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো অঞ্চল।


মঙ্গলবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, প্রবল স্রোতের তোড়ে জম্মুর চতুর্থ তাওয়াই সেতুর কাছে সড়কের একটি অংশ ধসে পড়ে, সঙ্গে ভেসে যায় কয়েকটি গাড়ি। এতে বহু যানবাহন আটকে পড়ে। একই স্থানের ভিন্ন দিক থেকে ধারণ করা ভিডিও প্রকাশ করেছে সংবাদ সংস্থা পিটিআই। সেখানে বলা হয়, টানা বৃষ্টিতে তাওয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে, যার ফলে ভগবতী নগরে সেতুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।


যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ হিসেবে আখ্যায়িত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। শ্রীনগরে বন্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক বৈঠকে তিনি বলেন, “অবিরাম বৃষ্টির কারণে জম্মুতে বন্যার ঝুঁকি বেড়েছে। কর্মকর্তাদের সবসময় সতর্ক থাকতে হবে এবং জরুরি পদক্ষেপ নিতে হবে।”


সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আবদুল্লাহ জানান, জম্মুর বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি তিনি নিজে গিয়ে পর্যবেক্ষণ করবেন।


টানা তৃতীয় দিনের মতো মাঝারি থেকে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় জম্মুর প্রায় সব নদীর পানি বিপৎসীমার ওপরে বা কাছাকাছি দিয়ে বইছে। নিম্নাঞ্চল ও বহু সড়ক ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। নিরাপত্তার স্বার্থে জম্মু–শ্রীনগর জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে।