গ্রিনল্যান্ডে মার্কিন প্রভাব বিস্তারের অভিযোগে কূটনীতিককে তলব করল ডেনমার্ক
গ্রিনল্যান্ডে মার্কিন নাগরিকদের গোপন প্রভাব বিস্তারের অভিযোগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদস্থ কূটনীতিককে তলব করেছে ডেনমার্ক। বুধবার (২৮ আগস্ট) দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম ডিআর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডিআরের প্রতিবেদনে বলা হয়, ডেনমার্ক সরকার বিশ্বাস করছে অন্তত তিনজন মার্কিন নাগরিক ডেনমার্কের স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে গোপনে প্রভাব বিস্তারের কার্যক্রমে জড়িত ছিলেন। তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন জানান, ‘রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের যে কোনো চেষ্টা গ্রহণযোগ্য নয়।’ এ কারণেই তিনি কোপেনহেগেনে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে আলোচনার জন্য তলব করার নির্দেশ দেন।
মার্কিন দূতাবাসের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে কোপেনহেগেনে মার্কিন মিশনের নেতৃত্ব দিচ্ছেন চার্জ দ্য অ্যাফেয়ার্স মার্ক স্ট্রো। তবে অফিস সময়ের বাইরে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজসম্পদ সমৃদ্ধ আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দেন এবং প্রয়োজনে বলপ্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি।