ভুল অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ীর কবরের সামনে ক্ষমা জাপানি কর্তৃপক্ষের
জাপানে এক ব্যবসায়ীর কবরের সামনে নত হয়ে ফুল অর্পণ ও ক্ষমা প্রার্থনা করেছেন কর্তৃপক্ষ। সংবেদনশীল শিল্পযন্ত্র রপ্তানির ভ্রান্ত অভিযোগে তাকে অভিযুক্ত করার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়।
২০২০ সালের মার্চে বেআইনি রপ্তানির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন শিজুও আইশিমা এবং তার প্রতিষ্ঠানের আরও তিনজন নির্বাহী। তবে অভিযোগগুলো ২০২১ সালের জুলাইয়ে প্রত্যাহার করা হয়। এর আগেই, ওই বছরের ফেব্রুয়ারিতে পেটের ক্যান্সারে মারা যান আইশিমা।
সোমবার ইয়োকোহামায় তার কবরের সামনে পরিবারের উপস্থিতিতে ক্ষমা প্রার্থনা করা হয়। পরিবারের সদস্যরা ক্ষমা গ্রহণ করলেও আইশিমার স্ত্রী জানান, যাঁরা মিথ্যা অভিযোগ তুলেছিলেন, তাঁদের ক্ষমা করতে তিনি পারছেন না।
২০২১ সালের সেপ্টেম্বরে আইশিমার প্রতিষ্ঠান আদালতে ক্ষতিপূরণের মামলা করে। টোকিও আদালত অভিযোগগুলোকে অবৈধ ঘোষণা করে এবং ১৬৬ মিলিয়ন ইয়েন (প্রায় ১.১২ মিলিয়ন ডলার) ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়।
অভিযোগের কেন্দ্রবিন্দু ছিল ওকাওয়ারা কাকোহকি কোম্পানির তৈরি ‘স্প্রে ড্রায়ার’ রপ্তানি—যা তরলকে দ্রুত গুঁড়া বা দানায় রূপান্তর করে এবং সামরিক খাতেও ব্যবহারযোগ্য। তবে প্রতিষ্ঠানটি সবসময় দাবি করে আসছিল, তাদের ব্যবসা কোনো রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় পড়ে না।
আইশিমা জীবদ্দশায় আটবার জামিনের আবেদন করেছিলেন, কিন্তু প্রতিবারই তা প্রত্যাখ্যাত হয়। প্রসিকিউটর হিরোশি ইচিকাওয়া পরে স্বীকার করেন, “ভুল আটকাদেশ ও অভিযোগ দায়ের গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটিয়েছে। আইশিমাকে চিকিৎসা থেকে বঞ্চিত করায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।”
টোকিও মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট এবং টোকিও জেলা প্রসিকিউটর অফিস আদালতের দেওয়া ক্ষতিপূরণ রায়ের বিরুদ্ধে কোনো আপিল করেনি। গত ১১ জুন রায়টি চূড়ান্ত হয়। যদিও পরিবার জানিয়েছে, ভুল অভিযোগের প্রকৃত কারণ কর্তৃপক্ষ নির্ধারণে ব্যর্থ হয়েছে এবং শাস্তির সুপারিশ খুবই সামান্য।
সূত্র: বিবিসি