রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দক্ষিণ চীন সাগরে সংঘর্ষ: ক্ষতিগ্রস্ত চীনা কোস্ট গার্ড জাহাজ হাইনানে মেরামতে

দক্ষিণ চীন সাগরে সংঘর্ষ: ক্ষতিগ্রস্ত চীনা কোস্ট গার্ড জাহাজ হাইনানে মেরামতে

favicon
অনলাইন সংস্করণ
দক্ষিণ চীন সাগরে সংঘর্ষ: ক্ষতিগ্রস্ত চীনা কোস্ট গার্ড জাহাজ হাইনানে মেরামতে

চলতি মাসের শুরুতে দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনী ও কোস্ট গার্ডের দুটি জাহাজের সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত জাহাজটিকে হাইনান দ্বীপে মেরামতের আওতায় আনা হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে রয়টার্স জানিয়েছে, এটি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সিজি৩১০৪ জাহাজের প্রথম নিশ্চিত বন্দরে ফেরার প্রমাণ।


ম্যাক্সার টেকনোলজিসের সরবরাহ করা ছবিতে দেখা যায়, সানইয়া শহরের কাছে ইয়ুলিন নৌঘাঁটির শুকনা ঘাটে নোঙর করা জাহাজটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, পাশে দুটি টাগবোট রয়েছে।


চীনা কর্তৃপক্ষ এখনো সংঘর্ষ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে ফিলিপাইন দাবি করেছে, ১১ আগস্ট স্কারবরো শোলের কাছে জেলেদের কাছে সরবরাহ পৌঁছে দেওয়ার সময় তাদের কোস্ট গার্ডের উপস্থিতিতে চীনা জাহাজগুলোর মধ্যে দুর্ঘটনা ঘটে।


এটি ওই এলাকায় দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে চীনা জাহাজগুলোর প্রথম পরিচিত সংঘর্ষ। বেইজিং ফিলিপাইনের বিরুদ্ধে ‘বিপজ্জনক কৌশল’-এর অভিযোগ তুললেও সংঘর্ষের কথা স্বীকার করেনি। অন্যদিকে ম্যানিলা বলছে, এ ঘটনায় তাদের কোনো দায় নেই এবং এটিকে “দুর্ভাগ্যজনক পরিণতি” বলে উল্লেখ করেছে।


২০১৬ সালে হেগের স্থায়ী সালিসি আদালত চীনের বিস্তৃত মালিকানা দাবিকে বাতিল করে রায় দিয়েছিল, তবে বেইজিং সেই রায় প্রত্যাখ্যান করে। স্কারবরো শোল এখনো সার্বভৌমত্ব নিয়ে বিরোধপূর্ণ এলাকা।


ফিলিপাইন কোস্ট গার্ড মুখপাত্র জে তারিয়েলা জানিয়েছেন, সংঘর্ষের পরদিন তারা দুটি চীনা জাহাজকে শোল এলাকা থেকে প্রস্থান করতে দেখেছিলেন। পরে তিনি ফিলিপাইন জাহাজ থেকে ধারণ করা সংঘর্ষের ভিডিওও প্রকাশ করেন। তার অভিযোগ, চীনা কোস্ট গার্ড সম্ভাব্য হতাহত বা ক্ষতির বিষয়ে কোনো যোগাযোগ করেনি।


মেরিটাইম বিশ্লেষকরা বলছেন, জাহাজটির ট্রান্সপন্ডার সংঘর্ষের আগে ও পরে বন্ধ ছিল। তবে অন্যান্য চীনা জাহাজকে পরদিন এলাকায় উদ্ধার অভিযান চালাতে দেখা গেছে।


সিঙ্গাপুরভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক কলিন কোহের মতে, সিজি৩১০৪ আগে টাইপ ০৫৬ করভেট শ্রেণির যুদ্ধজাহাজ ছিল। তাই এটিকে নৌঘাঁটিতে মেরামত করাটা স্বাভাবিক। কোহ আরও বলেন, হাইনানের ইউলিন ঘাঁটি চীনের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় সামরিক স্থাপনা, যেখানে বিমানবাহী রণতরি ও ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রাখা হয়।