শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › মেক্সিকোতে স্ক্রুওয়ার্ম সংক্রমণ বেড়েছে ৫৩%

মেক্সিকোতে স্ক্রুওয়ার্ম সংক্রমণ বেড়েছে ৫৩%

favicon
অনলাইন সংস্করণ
মেক্সিকোতে স্ক্রুওয়ার্ম সংক্রমণ বেড়েছে ৫৩%

মেক্সিকোতে প্রাণীদের মধ্যে মাংসখেকো স্ক্রুওয়ার্ম পরজীবীর সংক্রমণ গত এক মাসে ৫৩ শতাংশ বেড়েছে, জানিয়েছে দেশটির সরকার। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই পরজীবী ইতোমধ্যেই উত্তর দিকে ছড়িয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে এগোচ্ছে।


সরকারি তথ্যমতে, ১৭ আগস্ট পর্যন্ত মোট ৫ হাজার ৮৬টি সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে এখনো সক্রিয় ৬৪৯টি। রয়টার্সের খবরে বলা হয়েছে, এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।


স্ক্রুওয়ার্ম এক ধরনের পরজীবী মাছি, যা উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীর দেহে ডিম পাড়ে। ডিম থেকে বের হওয়া লার্ভা মাংসের ভেতরে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে আক্রান্ত প্রাণীকে মেরে ফেলে। সংক্রমণ চিকিৎসা করা যেমন কঠিন, ভবিষ্যতে এটি প্রতিরোধ করাও জটিল।


যদিও গরুই প্রধানত আক্রান্ত হয়, তবু ঘোড়া, ভেড়া, কুকুর এবং মানুষেও সংক্রমণ শনাক্ত হয়েছে। গত এক বছরে মেক্সিকোতে ৪১ জন মানুষের মধ্যে স্ক্রুওয়ার্ম ধরা পড়েছে, বেশিরভাগই চিয়াপাস অঞ্চলে। যুক্তরাষ্ট্রে প্রথম মানব সংক্রমণ শনাক্ত হয় এ বছরের ৪ আগস্ট, মেরিল্যান্ডে। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি এল সালভাদর ভ্রমণ করেছিলেন।


মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বহু বছর আগে যৌথভাবে স্ক্রুওয়ার্ম নির্মূল করেছিল। তবে ২০২৩ সাল থেকে মধ্য আমেরিকা থেকে আবারও এটি ছড়াতে শুরু করেছে।


মেক্সিকোর কৃষি পরিষদের হিসাব অনুযায়ী, এ সংক্রমণের কারণে গবাদি পশু রপ্তানিতে প্রতিবছর ১.৩ বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ সতর্ক করেছে, সংক্রমণ নিয়ন্ত্রণে না আনতে পারলে ক্ষতির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।


সংক্রমণ রোধে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র চিয়াপাস ও টেক্সাসে ‘স্টেরাইল মাছি উৎপাদনকারী কারখানা’ নির্মাণ করছে। এখানে পুরুষ মাছিকে জীবাণুমুক্ত করে বনে ছেড়ে দেওয়া হবে, যাতে তারা স্ত্রী মাছির সঙ্গে প্রজনন করতে না পারে। এর মাধ্যমে মাছির প্রজনন ক্ষমতা হ্রাস করে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে।


এই কৌশলেই ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রে স্ক্রুওয়ার্ম নির্মূল করা হয়েছিল। এখন লক্ষ্য হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও পানামার যৌথ উদ্যোগে প্রতি সপ্তাহে ৫০ কোটি জীবাণুমুক্ত মাছি উৎপাদন করা, যাতে পরজীবীকে দক্ষিণ আমেরিকার সীমান্তে ঠেলে দেওয়া যায়।


এদিকে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জরুরি ভিত্তিতে পশু চিকিৎসার বিশেষ ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে এমন ওষুধও, যেগুলো সাধারণত অন্য রোগে ব্যবহার হয় বা অন্য দেশে অনুমোদিত, তবে স্ক্রুওয়ার্ম চিকিৎসায় আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়নি।