মিয়ানমারে নির্বাচন সামনে, সরাসরি মাঠে জান্তাপ্রধান মিন অং হ্লাইং
মিয়ানমারে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ভূখণ্ড পুনর্দখল আর শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে উঠছে সামরিক জান্তা। সম্প্রতি শান অঙ্গরাজ্যে টিএনএলএ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইয়াদানা থেইঙ্গি খনি পুনর্দখলের দাবি করেছে সেনারা। খনিটি সীসা, রূপা ও দস্তার জন্য সুপরিচিত। তবে পাল্টা অভিযানে কিয়াওক্মি ফ্রন্টে জান্তার অগ্রযাত্রা আটকে দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।
শুধু ভূখণ্ড নয়, মান্দাল অঞ্চলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পণ্য পরিবহন অবরোধ করে রেখেছে জান্তা বাহিনী। এতে খাদ্য ও নিত্যপণ্যের ঘাটতি দেখা দিয়েছে, নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ কৃষিপণ্য এবং বেড়েছে বিদ্যুৎ সংকট।
এই অবস্থায় নির্বাচনী প্রচারণায় সরাসরি মাঠে নেমেছেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং। সম্প্রতি ইয়াঙ্গুন, বাগো ও মাগওয়ে অঞ্চলে সফর করে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে নির্বাচন ঘিরে তীব্র বিরোধিতা জানাচ্ছে বিভিন্ন পক্ষ। কারেন ন্যাশনাল ইউনিয়ন এক বিবৃতিতে জানায়, এই নির্বাচন সংকট সমাধান নয় বরং জান্তার স্বৈরশাসন দীর্ঘায়িত করবে। তারা হুঁশিয়ারি দিয়েছে, ভোটে অংশগ্রহণকারী দল বা ব্যক্তি ইতিহাসে স্বৈরশাসনের সহযোগী হিসেবে চিহ্নিত হবে।
একইসঙ্গে আসন্ন নির্বাচনকে ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্য সরকার (এনইউজি)। তাদের মতে, এর লক্ষ্য কেবল ক্ষমতা আঁকড়ে ধরা এবং যুদ্ধাপরাধীদের রক্ষা করা। এনইউজি বলছে, মিয়ানমারের ভবিষ্যৎ নির্ধারিত হবে জনগণ পরিচালিত অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও তারা আহ্বান জানিয়েছে এই জালিয়াতিপূর্ণ নির্বাচনকে প্রত্যাখ্যান করতে।