রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › মার্কিন নৌবহরের জবাবে ভেনেজুয়েলার সামরিক মহড়া, জাতিসংঘে চিঠি

মার্কিন নৌবহরের জবাবে ভেনেজুয়েলার সামরিক মহড়া, জাতিসংঘে চিঠি

favicon
অনলাইন সংস্করণ
মার্কিন নৌবহরের জবাবে ভেনেজুয়েলার সামরিক মহড়া, জাতিসংঘে চিঠি

ক্রমেই বাড়ছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা। লাতিন ও ক্যারিবীয় উপকূলে মার্কিন নৌবহর মোতায়েনের জবাবে ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার সম্পদে নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র, আর সেই উদ্দেশ্যেই সামরিক উত্তেজনা সৃষ্টি করে দেশটিকে উপনিবেশে পরিণত করার চেষ্টা চলছে।

কারাকাসের সেনা প্রশিক্ষণ সমাপনীতে সরাসরি মাদুরোর তত্ত্বাবধানে মহড়ায় অংশ নেয় স্পেশাল রেভ্যুলুশনারি অপারেশনস বাহিনীর কয়েক হাজার সদস্য। পাহাড়ি অঞ্চলে সেনাদের চিত্তাকর্ষক প্যারেড, বিশেষ সামরিক কৌশল এবং অত্যাধুনিক অস্ত্র দিয়ে লাইভ ফায়ারিং প্রদর্শন করা হয়।

এসময় মাদুরো বলেন, “সাম্রাজ্যবাদী গ্রিংগোরা আমাদের সম্পদ দখল, উপনিবেশ স্থাপন এবং ভেনেজুয়েলাকে ভেঙে টুকরো করতে চায়। একের পর এক হুমকি, মনস্তাত্ত্বিক যুদ্ধ আর অবরোধ সত্ত্বেও আজ আমরা আরও শক্তিশালী। শান্তি, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় জনগণ প্রস্তুত।

চলতি সপ্তাহে আরও একটি সামরিক মহড়া হবে বলে ঘোষণা দিয়েছে মাদুরো প্রশাসন। একই সঙ্গে মার্কিন নৌবহর মোতায়েনকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে কারাকাস।

জাতিসংঘে ভেনেজুয়েলার প্রতিনিধি স্যামুয়েল মোনকাদা জানিয়েছেন, মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি পাঠিয়ে মার্কিন তৎপরতার নিন্দা জানানো হয়েছে। তিনি বলেন, “মার্কিন সরকারের ক্রমাগত হয়রানিমূলক নীতি ও বিপজ্জনক সামরিক কর্মকাণ্ড জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।”