ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ ঘোষণা করল যুক্তরাষ্ট্রের আপিল আদালত
যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বেশিরভাগ শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। আদালতের এই রায় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে বড় ধরনের আইনি চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।
ফেডারেল সার্কিট কোর্ট অব আপিলস ৭-৪ ভোটে দেওয়া রায়ে জানায়, ট্রাম্পের আরোপিত ‘পারস্পরিক শুল্ক’ এবং চীন, মেক্সিকো ও কানাডার ওপর আরোপিত অতিরিক্ত শুল্কসমূহ আইনের পরিপন্থী এবং অবৈধ।
যদিও ট্রাম্প এসব শুল্ককে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA)-এর আওতায় বৈধ দাবি করেছিলেন, আদালত তা প্রত্যাখ্যান করে। আদালত বলেছে, এই আইনে ট্যারিফ আরোপের কোনো উল্লেখ নেই এবং প্রেসিডেন্টকে সীমাহীন ক্ষমতা দেওয়ার সুযোগও নেই। শুল্ক আরোপের ক্ষমতা কেবল কংগ্রেসের এখতিয়ারে রয়েছে।
রায়ের কার্যকারিতা আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হবে, যাতে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করার সময় পায়।
রায়ের তীব্র সমালোচনা করে ট্রাম্প নিজের প্ল্যাটফর্ম ট্রুথ স্যোশালে লিখেছেন, “এই রায় বহাল থাকলে আমেরিকার ধ্বংসের দিকে নিয়ে যাবে।” তিনি আরও বলেন, “আদালত ভুল করেছে। আমাদের ট্যারিফ বাতিল করা উচিত নয়। শেষ পর্যন্ত আমেরিকাই জয়ী হবে।” তার দাবি, শুল্ক বাতিল হলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে, যা হবে জাতির জন্য বিপর্যয়কর।
এই মামলাটি দায়ের করেছিলেন কয়েকটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্য। তারা ট্রাম্পের এপ্রিল মাসের নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করেন, যেখানে তিনি প্রায় সব দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন এবং ‘পারস্পরিক’ হারে অতিরিক্ত ট্যারিফ চাপান।
এই রায়ের ফলে কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর আরোপিত কিছু বিশেষ শুল্ক বাতিল হলো। তবে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত শুল্ক বহাল রয়েছে, কারণ সেগুলো ভিন্ন আইনের আওতায় আনা হয়েছিল।
আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলাটি সুপ্রিম কোর্টে গড়ানোর সম্ভাবনা অত্যন্ত বেশি। সাম্প্রতিক বছরগুলোতে সুপ্রিম কোর্ট একাধিকবার প্রেসিডেন্টদের এমন পদক্ষেপ বাতিল করেছে, যেগুলো কংগ্রেসের অনুমোদন ছাড়াই নেওয়া হয়েছিল। বর্তমান সুপ্রিম কোর্টে নয়জন বিচারকের মধ্যে ছয়জন রিপাবলিকান মনোনীত, যার মধ্যে তিনজনকে মনোনীত করেছেন ট্রাম্প নিজেই। তাই এই মামলাটি কেবল ট্রাম্পের ট্যারিফ নীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং প্রেসিডেন্টের ক্ষমতার সীমা নিয়ে গুরুত্বপূর্ণ নজিরও স্থাপন করতে পারে।