শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › বিজেপিকে মহুয়া মৈত্রর কটাক্ষ: ‘এই প্রথম বাংলাদেশিদের দুষ্ট হিসেবে চিহ্নিত করছে সরকার’

বিজেপিকে মহুয়া মৈত্রর কটাক্ষ: ‘এই প্রথম বাংলাদেশিদের দুষ্ট হিসেবে চিহ্নিত করছে সরকার’

favicon
অনলাইন সংস্করণ
বিজেপিকে মহুয়া মৈত্রর কটাক্ষ: ‘এই প্রথম বাংলাদেশিদের দুষ্ট হিসেবে চিহ্নিত করছে সরকার’

ভারতের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র ক্ষমতাসীন বিজেপিকে উদ্দেশ করে কটাক্ষ করে বলেছেন, এই প্রথম তিনি এমন কোনো সরকার দেখছেন যারা বাংলাদেশিদের মন্দ বা দুষ্ট হিসেবে চিহ্নিত করছে।


গত ২৬ আগস্ট পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে জমির পাট্টা বিলি অনুষ্ঠানের এক ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ—আমাদের ভাষা এক, মানুষ এক। একসময় আমরা ছিলাম অবিভক্ত বাংলা। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আলাদা হয়েছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সবসময় আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবেই রয়েছে। কিন্তু বর্তমান সরকার বাংলাদেশিদের বদনাম করছে।”


তিনি আরও বলেন, “ভারতের প্রতিটি বিজেপি নেতা এমনভাবে কথা বলছেন যেন বাংলাদেশের মানুষ সবাই খারাপ প্রকৃতির বা অসভ্য। অথচ এত বছর ধরে আমরা কোনোদিনও এমনটা দেখিনি।”


বিজেপির বারবার ‘অনুপ্রবেশকারী’ শব্দ ব্যবহারের সমালোচনা করে মহুয়া মৈত্র বলেন, “ভারতের সীমান্ত পাহারার দায়িত্বে রয়েছে পাঁচটি বাহিনী। সেই দায়িত্ব সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সুতরাং কেউ যদি অনুপ্রবেশ করে থাকে, তার দায়ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।”


মহুয়ার এসব বক্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।


সূত্র: বাংলাদেশ প্রতিদিন