মিসরে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩, আহত শতাধিক
মিসরের রাজধানী কায়রো যাওয়ার পথে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন। আহত হয়েছেন শতাধিক যাত্রী।
শনিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ‘মারসা মাতরুহ’ নামের ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে দুটি বগি উল্টে যায়। দুর্ঘটনাটি ঘটে সাহারা মরুভূমির পাশের ফোকা ও জলাল স্টেশনের মাঝামাঝি রেলপথে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পর মিসরের স্বাস্থ্যমন্ত্রী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের দেখতে হাসপাতালে যান। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।