সন্তানদের মানসিক দৃঢ়তা গড়তে বাবার ভিন্ন উদ্যোগ
সন্তানদের মানসিক দৃঢ়তা ও সহনশীলতা গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চীনের এক বাবা। ৩১ দিনে দুই সন্তানকে নিয়ে তিনি হেঁটে অতিক্রম করেছেন প্রায় ৮০০ কিলোমিটার পথ।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে জানা যায়, শেনজেনের বাসিন্দা উ নামের ওই ব্যক্তি গত ১৭ জুলাই তার ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে নিয়ে যাত্রা শুরু করেন হুনান প্রদেশের উদ্দেশ্যে। প্রথমে এত দীর্ঘ যাত্রা নিয়ে সন্দেহ থাকলেও শেষ পর্যন্ত সন্তানদের সাফল্যে ভীষণ গর্বিত হয়েছেন তিনি।
উ বলেন, “আমি ভাবিনি ওরা শেষ পর্যন্ত টিকতে পারবে। এখন আমি গর্বিত যে তারা শুধু পথ পাড়িই দেয়নি, বরং মানসিকভাবে আরও শক্ত হয়েছে।”
কাজের ব্যস্ততায় সন্তানদের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারেন না উ। তবে দুই বছর আগেই তিনি পরিকল্পনা করেছিলেন সন্তানদের নিয়ে এমন একটি যাত্রা করার। বয়স কম থাকায় তখন তা সম্ভব হয়নি।
এই যাত্রার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “আমি চেয়েছিলাম তারা যেন চ্যালেঞ্জের মুখে পিছিয়ে না যায় এবং শুরু করা কাজ শেষ করতে শেখে।”
পুরো ভ্রমণে উ বহন করেন ১০ কেজি ওজনের ব্যাগ, আর ছেলে-মেয়ের কাঁধে ছিল পাঁচ কেজির ব্যাগ। প্রতিদিন গড়ে অন্তত ২৩ কিলোমিটার হাঁটতে হতো তাদের। পথের ক্লান্তি কাটাতে বাবা তাদের সাহস জুগিয়েছেন, বলতেন—“তোমরা তোমাদের বাবার চেয়েও শক্তিশালী।”
যাত্রা শেষে বাবার পায়ে ফোসকা পড়লেও সন্তানরা সুস্থ থাকে। শুধু হাঁটার শিক্ষা নয়, এই সফরে উ সন্তানদের আয়-ব্যয়ের হিসাব রাখতেও শিখিয়েছেন। প্রতিদিনের খরচের জন্য তিনি নির্দিষ্ট টাকা দিতেন, যাতে তারা সীমিত বাজেটে খরচ মেলাতে শেখে।