শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › মেক্সিকোতে নিখোঁজ সংকট: দেশজুড়ে বিক্ষোভে উত্তাল জনতা

মেক্সিকোতে নিখোঁজ সংকট: দেশজুড়ে বিক্ষোভে উত্তাল জনতা

favicon
অনলাইন সংস্করণ
মেক্সিকোতে নিখোঁজ সংকট: দেশজুড়ে বিক্ষোভে উত্তাল জনতা

মেক্সিকোতে দেশব্যাপী নিখোঁজের ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী মেক্সিকো সিটি ছাড়াও গুয়াদালাজারা, কর্ডোবা ও বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। নিখোঁজ ব্যক্তিদের স্বজন, মানবাধিকারকর্মী ও সাধারণ নাগরিকরা সরকারের কাছে নিখোঁজদের সন্ধানে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তারা জোরপূর্বক অন্তর্ধান বন্ধে কার্যকর ব্যবস্থা নিতেও সরকারের প্রতি দাবি জানান।


বিক্ষোভকারীরা সরাসরি প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রিয়জনদের খুঁজে পেতে তাদের সহায়তা করতে হবে।


সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে মেক্সিকোতে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের সূত্রপাত ২০০৭ সালে, যখন তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপে ক্যালদেরন মাদকবিরোধী যুদ্ধ ঘোষণা করেন। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, অনেক নিখোঁজকে জোরপূর্বক মাদক চক্রে যুক্ত করা হয়েছে বা হত্যা করা হয়েছে।


যদিও মূলত সংগঠিত অপরাধ চক্রকে দায়ী করা হয়, তবে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।


বিক্ষোভকারীরা জানান, দক্ষিণাঞ্চলের ওয়াক্সাকা থেকে শুরু করে উত্তরাঞ্চলের সোনোরা ও ডুরাঙ্গো পর্যন্ত দেশজুড়ে মানুষ নিখোঁজ হচ্ছে। অনেক পরিবার স্বজনদের খুঁজতে নিজেরাই ‘বাসকাদোরস’ নামে অনুসন্ধান দল গড়ে তুলেছেন। তারা মাদকচক্রের তথ্যের ভিত্তিতে উত্তর মেক্সিকোর গ্রাম ও মরুভূমিতে খোঁজ চালান, যা তাদের জীবনকেও ঝুঁকির মুখে ফেলে। সম্প্রতি জালিস্কোতে একটি মাদক খামারের সন্ধান পাওয়ার পর এমন একটি দলের কয়েকজন সদস্য নিজেরাই নিখোঁজ হয়েছেন।


জাতিসংঘ এই পরিস্থিতিকে ‘বিশাল মানবিক বিপর্যয়’ আখ্যা দিয়েছে। বর্তমানে মেক্সিকোতে নিখোঁজ মানুষের সংখ্যা লাতিন আমেরিকার অন্যান্য ঐতিহাসিক নিখোঁজ ঘটনার চেয়েও বেশি। তুলনামূলকভাবে, গুয়াতেমালার ৩৬ বছরের গৃহযুদ্ধে প্রায় ৪০ হাজার এবং আর্জেন্টিনার সামরিক শাসনামলে (১৯৭৬-১৯৮৩) প্রায় ৩০ হাজার মানুষ নিখোঁজ হয়েছিল।


সূত্র: বিবিসি