আকাশপথ এড়িয়ে বিশেষ ট্রেনে চীনের পথে কিম জং উন
আকাশপথ এড়িয়ে বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চীনের উদ্দেশে রওনা হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সোমবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে ‘তেয়াং-হো’ নামের ট্রেনটিতে পিয়ংইয়ং থেকে যাত্রা শুরু করেন তিনি। বিবিসি জানায়, প্রায় ২০ ঘণ্টার ভ্রমণ শেষে মঙ্গলবার বেইজিং পৌঁছানোর কথা রয়েছে তার।
নিরাপত্তার কারণেই আকাশপথের পরিবর্তে ট্রেনযাত্রা বেছে নিয়েছেন কিম। ভারি অস্ত্রে সজ্জিত ট্রেনটিতে রয়েছে আধুনিক আর্মর সিস্টেম, অনবোর্ড মর্টার এবং রাডার এড়িয়ে চলার সক্ষমতা। সর্বোচ্চ ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে চলতে পারে এ যানটি।
এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এতে কিম জং উন ২৬ দেশের নেতাদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন। রাশিয়া, ইরান ও মিয়ানমারের মতো নিষেধাজ্ঞাগ্রস্ত দেশের নেতারাও থাকবেন সেখানে, তবে পশ্চিমা কোনো নেতা উপস্থিত থাকবেন না। আগামী বুধবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারের রোস্ত্রামে দাঁড়িয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন।
উল্লেখ্য, ‘তেয়াং-হো’ শব্দের অর্থ কোরিয়ান ভাষায় ‘সূর্য’। এটি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাংকে প্রতীকীভাবে স্মরণ করে রাখা হয়েছে। এর আগেও বেইজিং, হ্যানয় ও ভ্লাদিভস্তক সফরে একই বিশেষ ট্রেন ব্যবহার করেছিলেন কিম জং উন।