রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › নেতানিয়াহুর ঘোষণার পর গাজায় আরও রক্তক্ষয়ী হামলা: একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি

নেতানিয়াহুর ঘোষণার পর গাজায় আরও রক্তক্ষয়ী হামলা: একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি

favicon
অনলাইন সংস্করণ
নেতানিয়াহুর ঘোষণার পর গাজায় আরও রক্তক্ষয়ী হামলা: একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার যুদ্ধ ‘সিদ্ধান্তমূলক পর্যায়ে’ পৌঁছেছে বলে ঘোষণা দেওয়ার পর আগ্রাসন আরও তীব্র করেছে দখলদার বাহিনী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সারাদিনে অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।


প্রতিবেদনে বলা হয়, ইসরাইল বর্তমানে গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যেখানে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করেন। এ কারণেই হামলা আরও বর্বর রূপ নিয়েছে।


শুধু আল-সাবরা এলাকাতেই ইসরাইলি হামলায় ঘনবসতিপূর্ণ অঞ্চল ধ্বংস হয়ে গেছে। নিহতদের মধ্যে অন্তত ৩২ জন ত্রাণ সহায়তার খোঁজে গিয়ে প্রাণ হারান। এর মধ্যে সাতজন শিশু ছিলেন, যারা দক্ষিণ গাজার খান ইউনিসের নিকটবর্তী আল-মাওয়াসি এলাকায় পানির লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ড্রোন হামলার শিকার হন।


আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি বলেন, “ফিলিস্তিনিরা এখন গাজা সিটিতে যেন খাঁচার ভেতরে বন্দি। তারা যতটা সম্ভব হামলা থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু যেখানে যায় হামলা তাদের পিছু নেয়। খাদ্য ও সাহায্যের অবরোধেও মানুষ মরছে, কারণ বেঁচে থাকার ন্যূনতম উপকরণও নেই।”


এদিকে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩ জন অনাহারে মারা গেছেন। ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জনে। এর মধ্যে ২২ আগস্ট গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে মারা গেছেন অন্তত ৮৩ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক মাসে গাজায় প্রবেশ করা মানবিক সহায়তার ট্রাক প্রয়োজনের তুলনায় মাত্র ১৫ শতাংশ।


তবু প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন সংস্থা (আইপিসি)-এর দুর্ভিক্ষ সংক্রান্ত প্রতিবেদনের সত্যতা অস্বীকার করে একে ‘পুরোপুরি মিথ্যা’ বলে দাবি করেছেন।