পশ্চিম তীরে নতুন দখল পরিকল্পনাকে ‘রেড লাইন’ বলল আমিরাত
পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের নতুন পরিকল্পনাকে ‘রেড লাইন’ হিসেবে দেখছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (৩ সেপ্টেম্বর) তেলআবিবকে সতর্ক করে দেশটি জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে আরও তীব্র করবে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে চূড়ান্তভাবে ধ্বংস করবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তা লানা নুসেইবেহ বলেন, “ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মৃত্যুঘণ্টা বাজাবে।” ইসরায়েলের অতি-ডানপন্থী নেতা ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের প্রায় চার-পঞ্চমাংশ দখলের প্রস্তাব দেওয়ার পরই তিনি এই মন্তব্য করেন।
অন্যদিকে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পশ্চিম তীরের দখল পরিকল্পনা আব্রাহাম চুক্তির অবমাননা। শুরু থেকেই চুক্তিকে ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন জানানোর মাধ্যম হিসেবে দেখেছে আবুধাবি। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সরকার।
উল্লেখ্য, ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা প্রথম আরব দেশ। পরে বাহরাইন ও মরক্কো এ উদ্যোগে যোগ দেয়। এর পর থেকে আমিরাত-ইসরায়েল বাণিজ্য, প্রতিরক্ষা ও পর্যটন সম্পর্ক আরও জোরদার হয়েছে। বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সৌদি আরবসহ আরও কয়েকটি আরব দেশকে চুক্তিতে যুক্ত করার চেষ্টা করছে।