নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, নিহত অন্তত ৬০
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার স্টেটে ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে।
নৌকাটি তুংগান সুলে থেকে দুগ্গা গ্রামের দিকে যাচ্ছিল। পথে ডুবে থাকা গাছের গুঁড়িতে ধাক্কা লেগে সেটি উল্টে যায়। সরকারি কর্মকর্তা বাবা আরা জানান, মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে, গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১০ জনকে।
শাগুমি জেলার প্রধান সা’আদু ইনুয়া মুহাম্মদ বলেন, “নৌকাটিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিল। আমরা ইতোমধ্যে ৩১টি মরদেহ উদ্ধার করেছি এবং নৌকাটিও উদ্ধার করা হয়েছে।” তিনি আরও জানান, মৃতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। দুর্ঘটনার দিনই চারজনকে ইসলামী রীতি অনুযায়ী দাফন করা হয়েছে।
নাইজার স্টেট ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখনও দু’জন নিখোঁজ রয়েছেন। সংস্থাটির দাবি, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল এবং গাছের গুঁড়িতে ধাক্কা লাগায় দুর্ঘটনাটি ঘটে।
নাইজেরিয়ায় বর্ষাকালে এ ধরনের নৌদুর্ঘটনা প্রায়ই ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত যাত্রী বহন, পুরনো ও জরাজীর্ণ নৌযান ব্যবহার এবং নিরাপত্তা বিধি উপেক্ষার কারণে এসব দুর্ঘটনা ঘটছে। তারা জোর দিয়ে বলেছেন, কঠোর নিরাপত্তা নজরদারি এবং সচেতনতামূলক প্রচার ছাড়া এমন ট্র্যাজেডি রোধ করা সম্ভব নয়। তবে এখনো দেশটির সরকার জাতীয় পর্যায়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
সূত্র: রয়টার্স