শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত ২,২০০ ছাড়াল, ত্রাণকাজে মারাত্মক বিলম্ব

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত ২,২০০ ছাড়াল, ত্রাণকাজে মারাত্মক বিলম্ব

favicon
অনলাইন সংস্করণ
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত ২,২০০ ছাড়াল, ত্রাণকাজে মারাত্মক বিলম্ব

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত সপ্তাহান্তে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা হঠাৎ বেড়ে দুই হাজার ২০০ ছাড়িয়েছে। নতুন হিসাব অনুযায়ী এটি দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। ক্রমাগত বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


রিখটার স্কেলে ৬ মাত্রার এই ভূমিকম্পটি রবিবার গভীর রাতে পাকিস্তান সীমান্তবর্তী দুর্গম পার্বত্য অঞ্চলে আঘাত হানে।


তালেবান সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু কুনার প্রদেশেই দুই হাজার ২০৫ জন নিহত এবং তিন হাজার ৬৪০ জন আহত হয়েছেন। নানগারহার ও লাগমান প্রদেশে আরও ১২ জন নিহত এবং কয়েক শত মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। তালেবান সরকারের উপপ্রবক্তা হামদুল্লাহ ফিত্রাত সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে শত শত মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তৎপরতা এখনো চলছে।


সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনারের দুর্গম এলাকায় প্রবেশ সীমিত হওয়ায় উদ্ধার ও ত্রাণকাজ ব্যাহত হচ্ছে। আফটারশক ও ভূমিধসের কারণে নাজুক পাহাড়ি সড়কগুলো আরও বিপজ্জনক হয়ে উঠেছে। অনেক পরিবার খাবার ও আশ্রয়হীন অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। কেউ কেউ প্লাস্টিক বা কাপড়ের টুকরো টেনে এনে অস্থায়ী ছাউনি বানিয়ে একসঙ্গে বসবাস করছেন।


ক্ষতিগ্রস্ত মাজার দারার খোলা প্রান্তরে শত শত পরিবার আশ্রয় নিয়েছে। সেখানে অল্প খাবার পৌঁছালেও তা নিয়ে বিশৃঙ্খলা ও লড়াই দেখা দিচ্ছে। স্থানীয় বাসিন্দা জাহির খান সাফি বলেন, “গতকাল কিছু খাবার এসেছিল, সবাই ছুটে গিয়েছিল। আমরা অনেকদিন ধরে না খেয়ে আছি।”


কুনারের গ্রামগুলোতে সাহায্য পৌঁছাতে বিলম্ব হওয়ায় হতাশা বাড়ছে। বৃষ্টি ও দুর্বল অবকাঠামো পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে।