আফগানিস্তানে ভূমিকম্প দুর্গতদের জন্য জরুরি ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের দুর্গত মানুষের জন্য জরুরি ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশের ত্রাণ সামগ্রী দেশটিতে পৌঁছাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেরিত ত্রাণের মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানীয় পানি এবং ওষুধ। এসব সামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে আফগানিস্তানে পৌঁছে দেওয়া হবে।
গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ এবং ধ্বংস হয়েছে ৮ হাজারেরও বেশি ঘরবাড়ি। খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসাসেবার সংকটে সেখানে মারাত্মক মানবিক বিপর্যয় তৈরি হয়েছে।
বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশে দ্রুত মানবিক সহায়তা পাঠাচ্ছে। ত্রাণ কার্যক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল একযোগে কাজ করছে।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ভূমিকম্পের পরেও বাংলাদেশ আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছিল।