চীন সফর শেষে পিয়ংইয়ং ফিরে এলেন কিম জং উন
চীন সফর শেষে দেশে ফিরেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানী পিয়ংইয়ং-এ বিশেষ ট্রেন থেকে নামতে দেখা যায় তাকে।
গত মঙ্গলবার চীনের আয়োজিত ‘ভিক্টরি ডে’ অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং যান কিম। পারিবারিক প্রথা অনুসারে উড়োজাহাজের পরিবর্তে এবারও ট্রেনকেই বেছে নেন তিনি। সফরকালে কিম বৈঠক করেন বিশ্বের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে, যাদের মধ্যে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এই সফরে কিম জং উনের সঙ্গী ছিলেন তার কন্যা কিম জু এই। আনুষ্ঠানিক আয়োজনে তার উপস্থিতি নতুন করে আলোচনায় এনেছে তাকে নিয়ে জল্পনা— তিনি হয়তো হতে পারেন উত্তর কোরিয়ার ভবিষ্যৎ উত্তরসূরি।