রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু, সিডনিতে সৈকত বন্ধ

অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু, সিডনিতে সৈকত বন্ধ

favicon
অনলাইন সংস্করণ
অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু, সিডনিতে সৈকত বন্ধ

অস্ট্রেলিয়ার সিডনির উত্তরের লং রিফ বিচে হাঙরের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে বড় আকারের একটি হাঙরের আক্রমণে গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে তাকে সমুদ্র থেকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ নিশ্চিত করেছে।


পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে সার্ফবোর্ডের দুটি খণ্ড উদ্ধার করে পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। তবে হাঙরটি কোন প্রজাতির ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এই ঘটনার পর সতর্কতা হিসেবে সিডনির উত্তরাঞ্চলের একাধিক সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, প্রায় ৩ বছরের মধ্যে সিডনিতে এটিই প্রথম প্রাণঘাতী হাঙর আক্রমণ।


এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে এক সাঁতারুর মৃত্যুর ঘটনা ঘটেছিল। তার আগে সর্বশেষ প্রাণহানি হয়েছিল ১৯৬৩ সালে। সরকারি সংস্থা তারঙ্গা চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অস্ট্রেলিয়ায় এটি চতুর্থ প্রাণঘাতী হাঙর আক্রমণ। চলতি বছরের মার্চে পশ্চিম অস্ট্রেলিয়ার একটি দূরবর্তী সৈকতে অগভীর পানিতে সার্ফিং করার সময় এক ব্যক্তি হাঙরের আক্রমণে প্রাণ হারান।


সূত্র: রয়টার্স