শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ভেনেজুয়েলা ঘিরে নতুন উত্তেজনা, পুয়ের্তো রিকোতে মার্কিন এফ-৩৫ মোতায়েন

ভেনেজুয়েলা ঘিরে নতুন উত্তেজনা, পুয়ের্তো রিকোতে মার্কিন এফ-৩৫ মোতায়েন

favicon
অনলাইন সংস্করণ
ভেনেজুয়েলা ঘিরে নতুন উত্তেজনা, পুয়ের্তো রিকোতে মার্কিন এফ-৩৫ মোতায়েন

ভেনেজুয়েলার মাদকচক্রকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোতে এফ-৩৫ স্টিলথ ফাইটার জেট মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এতে করে ভেনেজুয়েলা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।


মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় সংঘবদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালানো হতে পারে। সরকারি এক সূত্র জানিয়েছে, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এগুলোর মূল লক্ষ্য হবে ‘মাদক-জঙ্গি’ হিসেবে চিহ্নিত গোষ্ঠীগুলো।


এই পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, “ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করুন। আমাদের সার্বভৌমত্ব, শান্তির অধিকার ও স্বাধীনতাকে সম্মান করতে হবে।”


তবে আলোচনার পথ খোলা রাখার কথাও জানিয়েছেন মাদুরো। তিনি বলেন, “আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতবিরোধ নেই, যা সামরিক সংঘাতে রূপ নিতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনায় ও সংলাপে আগ্রহী।”


অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে দেশটির অস্বাভাবিক নির্বাচন ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন ২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের দিকে, যেখানে পুনরায় জয়ী হয়েছেন মাদুরো। পশ্চিমা বিশ্বের অনেক দেশ সেই নির্বাচনকে অবৈধ বলে গণ্য করেছে।


ভেনেজুয়েলায় অর্থনৈতিক সংকট, মানবাধিকার লঙ্ঘন ও মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। এর আগেও যুক্তরাষ্ট্র দেশটির ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে সরাসরি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা এবারই সবচেয়ে স্পষ্টভাবে সামনে এসেছে।


সূত্র : আল-জাজিরা