লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সহিংসতা, আটক ৪ শতাধিক
যুক্তরাজ্যের লন্ডনে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থি সংগঠনের পক্ষে আয়োজিত বিক্ষোভে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ব্রিটিশ পার্লামেন্টের বাইরে অনুষ্ঠিত এ বিক্ষোভ থেকে ৪ শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ।
নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ-এর ওপর সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই সমবেত হন প্রায় দেড় হাজার মানুষ। ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ নামের একটি ক্যাম্পেইন গ্রুপের আহ্বানে বিক্ষোভকারীরা রাজপথে নামেন।
পার্লামেন্ট স্কয়ারে জড়ো হয়ে তারা ইসরায়েলের প্রতি ব্রিটিশ সরকারের সমর্থনের নিন্দা জানায় এবং গাজায় হত্যাযজ্ঞ বন্ধের দাবি তোলে। শুরুতে শান্তিপূর্ণভাবে চললেও হঠাৎই পুলিশি বাধায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পানি ও প্লাস্টিকের বোতল ছোড়ে। জবাবে লাঠিপেটা ও ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী। এতে নারী, বয়স্ক ও প্রতিবন্ধীরাও রেহাই পাননি।
উল্লেখ্য, গত জুলাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশন-কে নিষিদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য সরকার। অভিযোগ ছিল, সংগঠনের সদস্যরা রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে অনুপ্রবেশ করে দুটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করেছে। তবে সম্প্রতি আদালতের অনুমোদন নিয়ে ওই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করেছে সংগঠনটি।
সূত্র: অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)