রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ট্রাম্পের সফরে কিম জং উনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা

ট্রাম্পের সফরে কিম জং উনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা

favicon
অনলাইন সংস্করণ
ট্রাম্পের সফরে কিম জং উনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গোপন বৈঠক করতে পারেন বলে জানিয়েছে সিএনএন।


ট্রাম্প প্রশাসনের তিনজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন, ট্রাম্প ও তার উপদেষ্টারা দক্ষিণ কোরিয়ার গিয়াংজু শহরে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (অ্যাপেক) বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন। এই সম্মেলন অক্টোবরের শেষ দিক থেকে নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে।


কর্মকর্তারা জানান, সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের আলোচনা চলছে, যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে শি ট্রাম্প ও তার স্ত্রীকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। পাল্টা ট্রাম্পও আমন্ত্রণ জানান, তবে নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি।


হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরে অর্থনৈতিক সহযোগিতা হবে মূল আলোচনার বিষয়। এ ছাড়া বাণিজ্য, প্রতিরক্ষা ও অসামরিক পারমাণবিক সহযোগিতার মতো ইস্যুতেও আলোচনার সুযোগ তৈরি হবে।


এ সফর ঘিরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর সময় এমন ইঙ্গিত দেন। সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্পও বলেছেন, তিনি কিমের সঙ্গে দেখা করতে প্রস্তুত।


ট্রাম্প বলেন, “আমি তা করব এবং আমরা আলাপ করব। উনি আমার সঙ্গে দেখা করতে চান। আমরা তার সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি, সম্পর্ক আরও ভালো হবে।”


তবে শি ও কিম উভয়ের সঙ্গেই ট্রাম্পের সম্পর্ক এখন জটিল অবস্থায় রয়েছে। সম্প্রতি বেইজিংয়ে শি জিনপিং, কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সামরিক কুচকাওয়াজে অংশ নেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আয়োজনকে কটাক্ষ করে মন্তব্য করেন এবং অভিযোগ তোলেন যে চীন, রাশিয়া ও ভারত যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে।


অন্যদিকে, মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ নিয়েও উত্তেজনা অব্যাহত আছে। এপ্রিলে ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেন, যার পাল্টা জবাবে চীন যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫ শতাংশ শুল্ক বসায়। পরবর্তীতে ট্রাম্প ঘোষণা দেন, বাড়তি শুল্ক নভেম্বর পর্যন্ত কার্যকর করা হবে না।


বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন গিয়াংজু সম্মেলন হতে পারে ট্রাম্প ও শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। যদি কিম জং উনও এতে অংশ নেন, তবে তা আন্তর্জাতিক রাজনীতিতে আরও তাৎপর্যপূর্ণ মোড় আনতে পারে।