দলের চাপেই পদত্যাগের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রী ইশিবার
দলের ভেতর ভাঙন ঠেকাতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রোববার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইশিবা জানান, তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।
গত বছরের সেপ্টেম্বরে প্রতিরক্ষামন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর পদে আসীন হন ইশিবা। তবে জীবনযাত্রার ব্যয় বাড়া ও জনপ্রিয়তা কমে যাওয়ায় সংসদের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায় তার নেতৃত্বাধীন জোট। এর ফলে নিজ দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অভ্যন্তরীণ চাপের মুখে পদত্যাগ করতে হচ্ছে তাকে।
এর আগে পদত্যাগের জোরালো আলোচনা হলেও সে সময় ইশিবা যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক সংক্রান্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করায় মনোযোগ দেন। তবে সম্প্রতি রাজনৈতিক অস্থিরতায় ইয়েন ও সরকারি বন্ডবাজারে ধস নামায় তার পদত্যাগের বিষয়টি নতুন করে সামনে আসে।
এদিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী সানায়ে তাকাইচি ও কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি। উল্লেখ্য, গত বছর এলডিপির নেতৃত্ব নির্বাচনের রানঅফে তাকাইচিকে সামান্য ব্যবধানে পরাজিত করেছিলেন ইশিবা।