রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › তীব্র বিক্ষোভে নেপাল সরকার পিছু হটল, তুলে নেওয়া হলো সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা

তীব্র বিক্ষোভে নেপাল সরকার পিছু হটল, তুলে নেওয়া হলো সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা

favicon
অনলাইন সংস্করণ
তীব্র বিক্ষোভে নেপাল সরকার পিছু হটল, তুলে নেওয়া হলো সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা

অবশেষে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে নেপাল সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।


যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী পৃথিবী সুবা গুরুং জানান, জেন জি প্রজন্মের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে মন্ত্রীরা একমত হয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ সব প্ল্যাটফর্ম পুনরায় চালুর অনুমোদন দেন।


এর আগে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখক। বিক্ষোভে সহিংসতায় ১৯ জন নিহত ও চার শতাধিক আহত হওয়ার নৈতিক দায় স্বীকার করেই তিনি দায়িত্ব ছাড়েন বলে মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন।


উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর থেকে নেপালে ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ ছিল। সরকারের দাবি ছিল, ভুয়া আইডি ব্যবহার করে ঘৃণা, গুজব ও সাইবার অপরাধ ছড়ানো হচ্ছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। এজন্য কর্তৃপক্ষ প্ল্যাটফর্মগুলোকে নিবন্ধনের সময়সীমা দিয়েছিল। কিন্তু সময়সীমা শেষ হওয়ার পর টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) অনিবন্ধিত প্ল্যাটফর্মগুলো বন্ধের নির্দেশ দেয় সরকার।


এই সিদ্ধান্তকেই জনগণের কণ্ঠরোধ হিসেবে দেখেন আন্দোলনকারীরা। তাদের দেওয়া নামেই আন্দোলনটি পরিচিতি পায়— ‘জেন-জি রেভলিউশন’।