আইএইএ প্রধানের সঙ্গে প্রথম বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ (মঙ্গলবার) মিসরে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠকে বসবেন। দুই মাস আগে আইএইএর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিতের ঘোষণা দেওয়ার পর এটিই তাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান আইএইএর সহযোগিতা বন্ধ করে দেয়। অভিযোগ করা হয়, আইএইএ সেই হামলার নিন্দা করতে ব্যর্থ হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, কায়রোতে অনুষ্ঠিতব্য বৈঠকে ইরান ও আইএইএর মধ্যে নতুন এক প্রোটোকল চূড়ান্ত করার চেষ্টা করা হবে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। বৈঠকে উপস্থিত থাকবেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি এবং আইএইএ মহাপরিচালক গ্রোসি।
ইরান জানিয়েছে, ভবিষ্যতে সংস্থাটির সঙ্গে তাদের সহযোগিতা নতুন কাঠামোতে হবে। এর আগে আইএইএর পরিদর্শকরা স্বল্প সময়ের জন্য ইরানে ফিরে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি প্রতিস্থাপনের তদারকি করলেও ফোরদো ও নাতাঞ্জসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশাধিকার পায়নি।
পশ্চিমা দেশ ও ইসরায়েল বরাবরই অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান বলছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে।
এদিকে, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে। তারা সতর্ক করেছে, ইরান পারমাণবিক চুক্তি ভঙ্গ অব্যাহত রাখলে ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা সক্রিয় করা হবে। এতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই পূর্বের সব নিষেধাজ্ঞা আবার কার্যকর হবে।
তবে ইরান এ পদক্ষেপকে ‘অবৈধ’ বলে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছে, এতে আইএইএর সঙ্গে তাদের সহযোগিতা আরও দুর্বল হবে।