রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › কাতারে ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হামলা, বিস্ফোরণে কাঁপল দোহা

কাতারে ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হামলা, বিস্ফোরণে কাঁপল দোহা

favicon
অনলাইন সংস্করণ
কাতারে ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হামলা, বিস্ফোরণে কাঁপল দোহা

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এটি ছিল ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ও কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত হামলা। কাতারে এ ধরনের হামলা চালাল ইসরায়েল প্রথমবারের মতো। দেশটি দীর্ঘদিন ধরে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।


ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, শিন বেটের সহযোগিতায় বিমানবাহিনী ব্যবহার করে হামাসের শীর্ষ নেতৃত্বের ওপর লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়। তাদের অভিযোগ, যাদের ওপর আক্রমণ চালানো হয়েছে তারা ৭ অক্টোবরের হামলার জন্য দায়ী এবং বহু বছর ধরে হামাসের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সেনাবাহিনী আরও দাবি করেছে, হামলার আগে বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতে যথাসম্ভব সতর্কতা নেওয়া হয়েছে।


অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই হামলাকে “সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা” জানিয়েছেন। তার মতে, এটি হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্যের আবাসিক ভবনে চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং কাতারের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।


তিনি আরও জানান, ইসরায়েলের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড কাতার মেনে নেবে না। কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের জবাব সর্বোচ্চ পর্যায়ে দেওয়া হবে। ইতোমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।