শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের অসন্তোষ

কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের অসন্তোষ

favicon
অনলাইন সংস্করণ
কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের অসন্তোষ

কাতারের দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতাদের ওপর ইসরায়েলি হামলা নিয়ে অবশেষে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, হামলার ধরন তাকে সন্তুষ্ট করেনি এবং এই ঘটনার ফলে গাজায় শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,

“আমি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নই। এটা মোটেও ভালো পরিস্থিতি নয়। তবে একটা কথা বলতে পারি—আমরা বন্দিদের ফেরত চাই, কিন্তু এই ঘটনা যেভাবে ঘটেছে, তাতে আমরা সন্তুষ্ট নই।”


ট্রাম্পের কয়েকজন উপদেষ্টা কাতারে ইসরায়েলের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার দাবি, হামলার আগে ট্রাম্পকে সরাসরি জানানো হয়নি। বরং বিষয়টি তিনি জানতে পারেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের মাধ্যমে। পরে ট্রাম্প হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতারের কাছে মার্কিন অবস্থান জানাতে নির্দেশ দেন।


অন্য এক মার্কিন কর্মকর্তা জানান, উইটকফ কাতারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তিনি আরও বলেন, উইটকফ গত সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একজন শীর্ষ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু সেই সময় আসন্ন হামলার বিষয়ে কোনো তথ্য পাননি।


📌 সূত্র: সিএনএন নিউজ