রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › থাইল্যান্ডে সিংহের আক্রমণে চিড়িয়াখানা কর্মী নিহত

থাইল্যান্ডে সিংহের আক্রমণে চিড়িয়াখানা কর্মী নিহত

favicon
অনলাইন সংস্করণ
থাইল্যান্ডে সিংহের আক্রমণে চিড়িয়াখানা কর্মী নিহত

থাইল্যান্ডে সিংহের আক্রমণে এক চিড়িয়াখানার পরিচর্যাকারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজধানী ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডে, যা নিজেদের এশিয়ার অন্যতম বৃহৎ উন্মুক্ত চিড়িয়াখানা বলে দাবি করে। এ ঘটনায় পার্কটির সুরক্ষা ব্যবস্থা ও সিংহ পালনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিহত কর্মী নিয়মিত সিংহদের খাবার দিতেন। তবে মঙ্গলবার খাবার দেওয়ার সময় তিনি গাড়ি থেকে নেমে পড়লে প্রায় ছয়-সাতটি সিংহ একসঙ্গে আক্রমণ চালায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, কর্মীটি পেছন ফিরে দাঁড়িয়ে ছিলেন এবং কিছুক্ষণ পরেই একটি সিংহ তাকে ধরে ফেলে।


প্রাণী অধিকার সংস্থাগুলো বলছে, এ ধরনের ঘটনা স্মরণ করিয়ে দেয় যে জন্ম থেকে লালন করলেও বন্যপ্রাণী মানুষের জন্য মারাত্মক হুমকি হতে পারে। ওয়াইল্ডলাইফ ফ্রেন্ডস ফাউন্ডেশন থাইল্যান্ড গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, সিংহগুলোকে পুনর্বাসনকেন্দ্রে সরিয়ে নেওয়া উচিত।


চিড়িয়াখানা কর্তৃপক্ষ দাবি করেছে, পার্কের সব সিংহ বৈধ লাইসেন্সপ্রাপ্ত এবং নিয়ম মেনে পরিচর্যা করা হয়। নিহত ব্যক্তি ৩০ বছরেরও বেশি সময় ধরে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।


বর্তমানে থাইল্যান্ডে প্রায় ৫০০ সিংহ নিবন্ধিত আছে, যেগুলো চিড়িয়াখানা, প্রজননকেন্দ্র, পোষা প্রাণীর ক্যাফে ও ব্যক্তিগত আবাসস্থলে পালিত হচ্ছে। প্রাণী অধিকার সংস্থা পেটা সাফারি ওয়ার্ল্ডকে সিংহগুলোকে অবিলম্বে পুনর্বাসনকেন্দ্রে স্থানান্তরের আহ্বান জানিয়েছে।