মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গাজায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি স্থানীয় সময় ইসরায়েলের উদ্দেশে যাত্রা করেন।
স্টেট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমি পিগগট এক বিবৃতিতে জানান, রুবিওর এ সফরের লক্ষ্য হলো ইসরায়েল-হামাস সংঘাত ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মার্কিন অগ্রাধিকার তুলে ধরা এবং ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা।
এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এর আগে সপ্তাহের শুরুতে ইসরায়েল কাতারে হামাস নেতাদের হত্যাচেষ্টা চালায়, যা শান্তি আলোচনার প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি কাতারসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র দেশগুলোকেও ক্ষুব্ধ করেছে।
ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলের ওই পদক্ষেপে "অত্যন্ত অসন্তুষ্ট"। তার ভাষায়, “আমি প্রতিটি দিকেই অসন্তুষ্ট ছিলাম এবং আমাদের বন্দিদের দ্রুত ফিরিয়ে আনতে হবে।”
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, কাতারসহ যেসব দেশ উগ্রবাদীদের আশ্রয় দিচ্ছে, তাদের হয় সন্ত্রাসীদের বহিষ্কার করতে হবে অথবা বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় ইসরায়েল নিজেই ব্যবস্থা নেবে।
ঘটনার পর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-থানি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন এবং জাতিসংঘের আলোচনাতেও অংশ নেন। তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে শান্তি আলোচনার জন্য “ক্ষতিকর” বলে মন্তব্য করেন। পরে আল-থানি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের সঙ্গেও ওয়াশিংটনে বৈঠক করেন।