হামাস নেতাদের নির্মূলেই যুদ্ধ শেষ হবে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, হামাস নেতাদের নির্মূল করলেই গাজায় যুদ্ধের সমাপ্তি ঘটবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, কাতারে অবস্থানরত হামাস প্রধানরা গাজার জনগণের স্বার্থ নয়, বরং যুদ্ধকে দীর্ঘায়িত করার চেষ্টায় লিপ্ত। তাদের অপসারণ মানেই জিম্মিদের মুক্তি ও যুদ্ধের সমাপ্তির পথে বড় বাধা দূর হওয়া।
এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েল সফরের পথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কাতারে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটকে ক্ষতিগ্রস্ত করবে না। যদিও তিনি স্বীকার করেন, এ ধরনের পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে। রুবিও আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার হামলা নিয়ে ‘খুশি নন’।
এদিকে, মাসের পর মাস আলোচনার ব্যর্থতার পর ইসরায়েল গাজায় তাদের অভিযান আরও জোরদার করেছে। গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টায় তারা বাসিন্দাদের সরতে বলছে এবং একের পর এক বহুতল ভবন ধ্বংস করছে, যেগুলোকে হামাসের ঘাঁটি বলে দাবি করা হচ্ছে। জাতিসংঘের হিসেবে, ওই এলাকায় প্রায় ১০ লাখ মানুষ এখনো আটকা রয়েছে, যাদের জন্য তারা দুর্ভিক্ষ পরিস্থিতি ঘোষণা করেছে।
প্রায় দুই বছরের যুদ্ধজুড়ে আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে আসছে নেতানিয়াহু সরকার। তবে সম্প্রতি চাপ আরও বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ গত শুক্রবার ইসরায়েলের বিরোধিতা অগ্রাহ্য করে দুই–রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবনের পক্ষে ভোট দিয়েছে। একই সঙ্গে, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ব্রিটেন ও ফ্রান্সসহ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।